রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার
বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলবে বাংলাদেশ। তার আগের দিন অনুশীলন শুরুর আগে
দলের সঙ্গে বসেন বিসিবি প্রধান।
পরে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি জানান, হারের মধ্যে চলে যাওয়া দলকে অনুপ্রাণিত করতেই ক্রিকেটারদের সঙ্গে বসেছিলেন তিনি।
“কিছু
কিছু জায়গায় সতর্ক করে দিতে হয়, আমি সেখানটায় সতর্ক করে দিয়েছি। কিছু
জায়গায় অলসতা আছে বা অন্যদিকে মনোযোগ সরে যাওয়ার ব্যাপার আছে; ওগুলো আমি
আজকে নির্দিষ্টভাবে বলেছি। সম্ভাবনাময় কেউ রান না পাওয়ায় মন খারাপ করে বসে
আছে; তাকে না ঘাবড়াতে বলেছি।”
অতিথিদের বিপক্ষে টানা তিনটি আন্তর্জাতিক ম্যাচ হারলেও ক্রিকেটারদের ভয়হীন ক্রিকেট খেলার পরামর্শ দেন নাজমুল হাসান।
“ওদেরকে
বলেছি, ভয়ের কোনো কারণ নেই। তোমরা ভালোই খেল, এই মুহূর্তে হয়ত হচ্ছে না।
মুশফিককে বলেছি, তার ওপর দায়িত্ব অনেক বেশি। সৌম্য সরকারকে মনে করিয়ে
দিয়েছি, থিতু হলে এক জন ব্যাটসম্যানের দায়িত্ব অনেক বেশি থাকে। ভয় পাওয়ার
মত কোনো কারণ নেই।”
ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে হারের পর দক্ষিণ
আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে হারে বাংলাদেশ।
ক্রিকেটারদের সঙ্গে বসার আগে বিসিবির টেকনিক্যাল কমিটির সঙ্গেও আলোচনা করেন
নাজমুল হাসান।
“দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইই করতে পারছি না। এই
ব্যাপারে টেকনিক্যাল কমিটির কাছে তাদের অভিমত জানতে চেয়েছিলাম। বোলিংয়ে,
ফিল্ডিংয়ে ভালো করেছি আমরা; রান করতে পারছি না। গ্যাপ বের করতে পারছে না
আমাদের ব্যাটসম্যানরা।”
বিসিবি সভাপতির সঙ্গে আলোচনার পর টেকনিক্যাল
কমিটির এক সদস্য জানান, একাদশে তারা দুই-তিনটি পরিবর্তন আনার পরামর্শ
দিয়েছেন। এর সত্যতা স্বীকার করেন নাজুমল হাসান।
“তারা তাদের প্রস্তাব দিয়েছেন, দুটো বিকল্প এসেছে। আমি কোচ, ম্যানেজার, অধিনায়ককে জানিয়েছি। আজকে রাতে অথবা কাল সকালে চূড়ান্ত হবে।”
একাদশ
মূলত গঠন করেন অধিনায়ক-কোচ। তবে নির্বাচক কমিটির সুপারিশ করার সুযোগ আছে।
এখন টেকনিক্যাল কমিটির পরামর্শের কথাও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও কোচ
চন্দিকা হাথুরুসিংহকে জানিয়েছেন বোর্ড প্রধান।
নাজমুল হাসান জানান,
দ্বিতীয় ওয়ানডের একাদশ প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এক জন স্পিনার না এক জন
পেসার দলে নেওয়া হবে সেই সিদ্ধান্তই নিতে হবে স্বাগতিকদের।
“একাদশের
১০ জন ঠিক হয়ে গেছে। তিন জনের যে কোনো এক জনকে হবে, সেটা ঠিক হবে কালকের
মধ্যে। একাদশ ঠিক করা অধিনায়ক, কোচের ব্যাপার। এর আগে আমরা কখনও হস্তক্ষেপ
করিনি, এখনও করছি না। একটা স্থান নিয়ে মত পার্থক্য আছে, কোচ এক রকম বলছে,
অধিনায়ক এক রকম চায়। সবারটা শুনেছি, কাল ১১ নম্বরটা ঠিক হয়ে যাবে।”
0 comments:
Post a Comment