শাহরুখের সঙ্গে আমার সম্পর্ক বিশেষ'
বেশ কিছুদিন ধরেই গুজব শোনা যাচ্ছিল, দিপিকা পাড়ুকোণের ওপর নাকি নাখোশ হয়েছেন শাহরুখ খান। তবে শাহরুখের তিন ব্যবসাসফল সিনেমার নায়িকা নিজেই জানালেন, কোনো মনোমালিন্য নেই। সেই সঙ্গে এও বললেন, কিং খানের সঙ্গে তার সম্পর্ক অন্যরকম।
দিপিকা পাড়ুকোণ অভিনীত ‘বাজিরাও মাস্তানি’ মুক্তি পাচ্ছে চলতি বছরের ১৮ ডিসেম্বর। একই দিনে মুক্তি পাবে শাহরুখ খান এবং কাজল অভিনীত রোহিত শেঠির সিনেমা ‘দিলওয়ালে’। ‘বাজিরাও মাস্তানি’র মুক্তির তারিখ টুইটারে ‘চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড’ হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করেছিলেন দিপিকা। আর এতেই নাকি খেপেছিলেন শাহরুখ।
তবে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দিপিকা বলেন, এই খবরের কোনো সত্যতা নেই এবং শাহরুখ সব সময়ই তার প্রতি সহযোগিতাপ্রবণ।
“আমাদের মধ্যকার সম্পর্কের কথা আমরা জানি এবং এটি খুবই বিশেষ একটি সম্পর্ক। আপনারা যখন এই গুজবটি পড়ছিলেন, সে (শাহরুখ) আমাকে আমার ফাউন্ডেশনের ব্যাপারে অভিনন্দন জানিয়ে মেসেজ পাঠাচ্ছিল। আমি যখন এটা নিয়ে ভাবছিলাম, সে সময় যাদের সঙ্গে এ বিষয়ে প্রথম আলাপ করেছি, তাদের মধ্যে শাহরুখ। তিনি সবসময় আমাকে সাহস যুগিয়েছেন এবং সহযোগিতা করেছেন।”
শাহরুখের সঙ্গে নিজের বক্স-অফিস সংঘর্ষ নিয়ে দিপিকা বলেন, “আমি কেবলই একজন অভিনেতা। আমি পরিচালকও নই, প্রযোজকও নই। ব্যবসা নিয়ে আমার কোন ধারণা নেই এবং আমি জানি না, সিনেমাটির জন্য এটি ভাল হবে কিনা। ”
শাহরুখের বিপরীতেই ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’-এর মাধ্যমে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন দিপিকা। পরবর্তীতে ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘হ্যাপি নিউ ইয়ার’-এ একসঙ্গে কাজ করেছেন এই জুটি। তিনটি সিনেমাই বক্স-অফিসে বাজিমাৎ করে।
অভিনয়ের পাশাপাশি দিপিকা সম্প্রতি মানসিক স্বাস্থ্য এবং বিষন্নতা নিয়ে সচেতনতা তৈরিতে প্রতিষ্ঠা করেছেন দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন। টুইটারে নিজের প্রতিষ্ঠানের যাত্রা শুরুর কথা ঘোষণা করেন তিনি।
0 comments:
Post a Comment